Dhaka, Saturday | 10 October 2026
         
English Edition
   
Epaper | Saturday | 10 October 2026 | English
শিরোনাম:

ধর্ম যার যার, বাংলাদেশ সবার: হুইপ দুলু

প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৪:০১ পিএম  (ভিজিটর : ১৪)

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার।’ হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান—আমরা সবাই বাংলাদেশি। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, সম্প্রতি নাটোরে ৩৫টি এবং পুরো রাজশাহী বিভাগে ৩৫১টি পূজামণ্ডপ বেড়েছে। এটি একটি ইতিবাচক লক্ষণ। নিজ নিজ ধর্মীয় উৎসব নির্বিঘ্নে, নির্ভয়ে ও স্বাধীনভাবে পালনের ক্ষেত্রে সনাতন ধর্মাবলম্বীদের আগ্রহ ও স্পৃহা বেড়েছে। এ জন্য তিনি তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের আহ্বান জানান।

শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে নাটোর পৌরসভার ৯টি ওয়ার্ডের ৫০টি মন্দিরে ব্যক্তিগত তহবিল থেকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

দুলু আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন, ‘হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান—আমরা সবাই বাংলাদেশি।’ এই পরিচয় ও ঐক্যের বিষয়টি সবাইকে মনে রাখতে হবে। বাংলাদেশই সবার অস্তিত্ব, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের ভিত্তি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি খগেন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক প্রসাদ কুমার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব এবং পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র এমদাদুল হক আল মামুনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝