কক্সবাজারের টেকনাফে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। এসময় ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত গাড়ী দুইটি জব্দ করা হয়।
শনিবার (১০ অক্টোবর) সকাল ৮টা ২০ মিনিটের দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন সিএনজিচালিত অটোরিকশার চালক এনায়েত উল্লাহ ও চাঁপাইনবাবগঞ্জের সজীব নামের এক যুবক। এনায়েত উল্লাহর বাড়ি কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে। তিনি ওই এলাকার কেফায়েত উল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। চালকসহ ছয়জন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে পালংখালী তাজমান হাসপাতালে নিয়ে যান। সেখানে সিএনজিচালক এনায়েত উল্লাহকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্য আহত ব্যক্তিদের চাকমারকুলে সেভ দ্য চিলড্রেন হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সজীবের মৃত্যু হয়।
আহত ব্যক্তিদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন উখিয়ার পালংখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ফারিরবিল এলাকার আবুল কালামের ছেলে হেলাল উদ্দিন (৩২), রামুর নুরুল আবছার, রুজিনা আক্তার ও মনোয়ারা বেগম।
এ ব্যাপারে হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুল আবছার বলেন সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে বলে শুনেছি। তবে বিস্তারিত তথ্য এখনো হাতে আসেনি।
এফপি/অ