Dhaka, Tuesday | 6 October 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 6 October 2026 | English
শিরোনাম:

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, নিহত ১

প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১:৩৫ পিএম  (ভিজিটর : ৯)

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের একই স্থানে স্বল্প সময়ের ব্যবধানে পরপর দুটি সড়ক দুর্ঘটনা ঘটেছে।

এতে মো. আসলাম হোসেন (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত এবং এক বাসযাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৩টা ২৫ মিনিটের দিকে উপজেলার ষোলঘর ভূইচিত্র এলাকায় এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে প্রথম দুর্ঘটনাটি ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, অজ্ঞাতনামা একটি গাড়ি পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে আরোহী আসলাম হোসেন ঘটনাস্থলেই নিহত হন। তাঁর ঠিকানা শাহবাগ, ঢাকা।

প্রথম দুর্ঘটনার পরপরই একই দিক থেকে আসা যাত্রীবাহী লিটন ট্রাভেলস দুর্ঘটনাস্থল দেখে গতি কমিয়ে ব্রেক করে। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা আব্দুল্লাহ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে লিটন ট্রাভেলসকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে লিটন ট্রাভেলসের যাত্রী মো. নজরুল ইসলাম (৪৭) আহত হন। তাঁর বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জে।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। ফায়ার সার্ভিসের সদস্যরা নিহত মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। আহত নজরুল ইসলামকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

পরে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের নিরাপদে নামিয়ে দেওয়া হয়। নিহত আসলাম হোসেনের পকেট থেকে উদ্ধার হওয়া ১৮ হাজার টাকা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের তথ্যমতে, একই স্থানে অল্প সময়ের ব্যবধানে দুটি দুর্ঘটনা ঘটায় ঘটনাস্থলে কিছু সময় সতর্কতার সঙ্গে যান চলাচল করে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝