ডেঙ্গু প্রতিরোধে খুলনার দিঘলিয়া উপজেলায় সচেতনতামূলক আলোচনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করেছে আনসার ও ভিডিপি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সেনহাটি ইউনিয়নের হাজিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সংলগ্ন মাদ্রাসায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মমতাজ খানমের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে উপজেলা প্রশিক্ষক কাজী কবীর উদ্দিন, ইউনিয়ন দলনেতা মোঃ ফরিদ হোসেনসহ স্থানীয় আনসার ও ভিডিপির সদস্য-সদস্যারা অংশ নেন।
এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও উপস্থিত জনসাধারণের মাঝে এডিস মশার বংশবিস্তার রোধে সচেতনতা তৈরিতে লিফলেট ও দিকনির্দেশনা দেওয়া হয়।
কর্মসূচির দ্বিতীয় ধাপে বাহিনীর সদস্যরা বিদ্যালয়ের চারপাশের ঝোপঝাড়, আগাছা ও জমে থাকা পানি অপসারণ করেন। একই সাথে মশার প্রজননস্থল ধ্বংস করতে এবং এডিস মশা নিয়ন্ত্রণে ফগার মেশিনের মাধ্যমে আশপাশের বিভিন্ন স্থানে মশক নিধনের ওষুধ ছিটানো হয়।
হঠাৎ ডেঙ্গুর প্রকোপ বাড়ায় আনসার-ভিডিপির এমন মানবিক ও কার্যকর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষ। জনস্বার্থে আনসার-ভিডিপির এই ধরনের মাঠপর্যায়ের উদ্যোগ ডেঙ্গু নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এফপি/অ