প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৮ পিএম (ভিজিটর : ৩০)
প্রতীকী ছবি
গাজীপুরের টঙ্গীতে মাদক ব্যবসাকে কেন্দ্র করে নূরুল ইসলাম (৪০) নামে এক যুবককে বাসা থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে পাঁয়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌঁনে বারোটার দিকে টঙ্গীর গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত নূরুল ইসলাম গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি টঙ্গীর গোপালপুর এলাকার একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বাস করতেন।
পুলিশ জানায়, মাদক ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে স্থানীয় কতিপয় যুবকের সাথে নূরুল ইসলামের বিরোধ চলছিল। এরই জের ধরে মঙ্গলবার রাত আটটার দিকে কয়েকজন যুবক নিজ বাসা থেকে নূরুল ইসলামকে ডেকে নিয়ে যায়। পরে রাত পৌঁনে বারোটার দিকে গোপালপুর এলাকার একটি বালুর মাঠে তাকে ধারালো অস্ত্র দিয়ে দুই পায়ের রগ কেটে গুরুতর আহত করে তারা। আহত অবস্থায় তাকে একটি সিএনজি অটো রিকসায় করে বাসায় পাঠিয়ে দেয় তারা।
পরে গুরুতর আহত নুরুল ইসলামকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ রাতেই জিসান নামে এক যুবককে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে।
নিহতের স্বজনদের দাবী, স্থানীয় ব্যবসায়ী বাবু খানের নেতৃত্বে নুরুল ইসলামকে বিচারের নামে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
এব্যাপারে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, এঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।