বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমন বলেছেন, “ঐক্যবদ্ধ বিএনপিই গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের প্রত্যাশা পূরণের শক্তি।”
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে নেছারাবাদে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দলের আদর্শ থেকে বিচ্যুত না হয়ে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন এবং নির্বাচনী ইশতেহার অনুযায়ী গণতান্ত্রিক, মানবিক, বৈষম্যহীন ও কৃষক-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, গত ছয় মাসে দেশের বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ড শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণও শুরু হয়েছে। দল যাকে মনোনয়ন দেবে, তার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়নে কাজ করতে হবে।
সুমন আরও বলেন, অতীতে যারা গুপ্ত বাহিনীর প্ররোচনায় বিভিন্ন কারণে দল থেকে দূরে সরে গিয়েছিলেন, তারা ফিরে আসতে চাইলে তাদেরও সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজ করা হবে।
এলাকা থেকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি নির্মূলে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “মাদকের ব্যাপারে আমাদের অবস্থান জিরো টলারেন্স। আমরা যা বলি, তা করে দেখাব।”
দলীয় শৃঙ্খলার বিষয়ে তিনি বলেন, অতীতে বিভিন্ন অপকর্মের জন্য সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও দলের শৃঙ্খলা ও আদর্শবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বক্তব্যের শেষে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “কাজ করব, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ।”
এর আগে বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ঢেউটিন বিতরণ করেন। পরে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন। এ সময় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এফপি/ফ