প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৮ এএম (ভিজিটর : ৯)
কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল পেয়ে যাত্রীবাহী লঞ্চে অসুস্থ এক ব্যক্তিকে চিকিৎসা সহায়তা প্রদান করেছে কোস্ট গার্ড।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় জনৈক এক ব্যক্তি “এম.ভি ফারহান-৯” নামক যাত্রীবাহী লঞ্চ যোগে ঢাকা হতে ভোলার উদ্দেশ্যে রওনা করে। লঞ্চটি বিকাল ৪ টায় বরিশালের মেহেন্দিগঞ্জ থানাধীন উলানিয়া লঞ্চঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ উক্ত ব্যক্তির বুকে ব্যথা জনিত কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং সংকটাপন্ন হয়ে পড়ে। এসময় উক্ত লঞ্চে অবস্থানরত একজন যাত্রী কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল করে সহায়তা চায়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন কালিগঞ্জ হতে একটি মেডিক্যাল টিম অতিদ্রুত উক্ত লঞ্চে গমন করে এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করে। পরবর্তীতে উক্ত ব্যক্তির শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে তাকে পরিবারের উপস্থিতিতে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
তিনি আরও বলেন, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত আছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।