প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৩ পিএম (ভিজিটর : ১১৫)
চুয়াডাঙ্গায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীসহ চারজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার দামুড়হুদা ও সদর উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।
দামুড়হুদার কালিয়াবকরী গ্রামে দুপুরে বৈদ্যুতিক মেশিনে গরুর ঘাস কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন কৃষক লিটন আলী। তাঁকে উদ্ধার করতে গিয়ে তাঁর স্ত্রীও বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
এর আগে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া গ্রামে নিজের ব্যাটারিচালিত ইজিবাইক চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন নাসির উদ্দীন (নাসির)। পরিবারের সদস্যরা তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আলুকদিয়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
অন্যদিকে, ভোরে দামুড়হুদার লোকনাথপুর গ্রামে পানির মোটর চুরি করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান শফিকুল ইসলাম নামে এক যুবক। তিনি দর্শনা পৌর এলাকার শান্তিপাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে।
চুয়াডাঙ্গা সদর ও দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা জানান, এসব ঘটনায় পৃথক তিনটি অপমৃত্যু মামলা হয়েছে।