Dhaka, Wednesday | 2 September 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 2 September 2026 | English
শিরোনাম:

অজান্তেই একাকী করে দিচ্ছে যেসব অভ্যাস

প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৮ এএম  (ভিজিটর : ২৩)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

একা থাকা সব সময় খারাপ নয়। অনেকেই নিজের মতো সময় কাটাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং ছোট পরিসরের সামাজিক সম্পর্ক নিয়েই ভালো থাকেন।

তবে মনোবিজ্ঞানীদের মতে, কিছু অভ্যাস মানুষের সঙ্গে অর্থপূর্ণ সম্পর্ক তৈরি ও ধরে রাখার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। সময়ের সঙ্গে এসব আচরণ একাকিত্ব বাড়াতে পারে। সম্প্রতি এনডিটিভির এক প্রতিবেদন এ তথ্য দেয়।

১. সব সময় প্রত্যাখ্যাত হওয়ার ভয়

কেউ আপনাকে পছন্দ করবে না বা প্রত্যাখ্যান করবে—এমন আশঙ্কা সব সময় মনে থাকলে সামাজিক পরিস্থিতি এড়িয়ে চলার প্রবণতা তৈরি হতে পারে।
গবেষণায় প্রত্যাখ্যাত হওয়ার অতিরিক্ত সংবেদনশীলতার সঙ্গে একাকিত্বের সম্পর্ক পাওয়া গেছে।

২. আবেগের ঘনিষ্ঠতা এড়িয়ে চলা

কিছু মানুষ অন্যের ওপর নির্ভর করতে অস্বস্তি বোধ করেন। নিজের সমস্যা বা অনুভূতি কারো সঙ্গে ভাগ করতে চান না। এতে সম্পর্ক তৈরি হলেও গভীরতা তৈরি করা কঠিন হয়ে পড়ে।

৩. সম্পর্ক খারাপ হলে নিজেকে গুটিয়ে নেওয়া

কোনো সম্পর্কের মধ্যে সমস্যা দেখা দিলে কথা বলে সমাধান করার বদলে দূরে সরে যাওয়া সহজ মনে হতে পারে। কিন্তু বারবার এমন করলে সম্পর্ক ঠিক করার সুযোগ কমে যায় এবং পারস্পরিক আস্থাও দুর্বল হতে পারে।

৪. নিজের কথা খুব কম বলা

সব সময় কথাবার্তা যদি সাধারণ বিষয়েই সীমাবদ্ধ থাকে, তাহলে অন্যের সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করা কঠিন হয়। একটি অর্থপূর্ণ সম্পর্কের জন্য বিশ্বাস, ব্যক্তিগত অনুভূতি প্রকাশ এবং কিছুটা খোলামেলা হওয়া প্রয়োজন।

৫. সব কিছুর নেতিবাচক অর্থ খোঁজা

কেউ দেরিতে উত্তর দিলেই যে সে আগ্রহ হারিয়েছে, এমন নয়।
আবার কোনো পরিকল্পনা বাতিল করলেও তার পেছনে ব্যক্তিগত কোনো কারণ থাকতে পারে। কিন্তু সব ঘটনাকে নেতিবাচকভাবে ব্যাখ্যা করলে ভুল-বোঝাবুঝি তৈরি হতে পারে এবং মানুষ নিজেই অন্যদের থেকে দূরে সরে যেতে পারে।

৬. সম্পর্ক চান, কিন্তু ঘনিষ্ঠতাকে ভয় পান

কেউ হয়তো সঙ্গ চান, বন্ধুত্ব চান; আবার একই সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হলে প্রত্যাখ্যাত হওয়ার ভয়ও কাজ করে। ফলে কাছে আসতে চেয়েও আবার দূরে সরে যাওয়ার একটি চক্র তৈরি হতে পারে।

২০২৬ সালের একটি মেটা-বিশ্লেষণে ৭৬টি গবেষণায় অংশ নেওয়া ৪০ হাজারের বেশি মানুষের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এতে সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত উদ্বেগ ও ঘনিষ্ঠতা এড়িয়ে চলা—দুই ধরনের আচরণের সঙ্গেই একাকিত্বের উল্লেখযোগ্য সম্পর্ক পাওয়া গেছে।

৭. কষ্ট পাওয়ার পর নতুন সম্পর্কের চেষ্টা বন্ধ করে দেওয়া

কোনো সম্পর্ক থেকে কষ্ট পাওয়ার পর অনেকে নতুন করে কারো সঙ্গে যোগাযোগের চেষ্টা বন্ধ করে দেন। আমন্ত্রণ ফিরিয়ে দেন, নিজে থেকে আর বার্তা পাঠান না বা ধরে নেন নতুন সম্পর্কও শেষ পর্যন্ত খারাপ হবে।

এভাবে ধীরে ধীরে সামাজিক যোগাযোগের সুযোগ কমে যায়। ফলে নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া এবং অর্থপূর্ণ সম্পর্ক তৈরির সম্ভাবনাও কমতে থাকে।

একাকিত্ব কি বদলানো যায় ?

এসব অভ্যাস থাকলেই কেউ সারাজীবন একা থাকবেন—এমন নয়। এগুলো একাকিত্বের সঙ্গে সম্পর্কিত কিছু আচরণগত ধরন মাত্র, ভবিষ্যতের নিশ্চয়তা নয়।

নিজের আচরণ ও চিন্তার ধরন সম্পর্কে সচেতন হওয়া, প্রয়োজন হলে বিশ্বাসযোগ্য মানুষের সঙ্গে কথা বলা এবং সম্পর্কের ক্ষেত্রে ধীরে ধীরে আরো খোলামেলা হওয়ার চেষ্টা এসব ধরন পরিবর্তনের একটি শুরু হতে পারে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝