Dhaka, Tuesday | 1 September 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 1 September 2026 | English
শিরোনাম:

রেললাইন ভেঙে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৪ পিএম  (ভিজিটর : ১৩)

নাটোরের বাগাতিপাড়ায় রেললাইন ভেঙে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল। এ সময় আব্দুলপুর ও রাজশাহী স্টেশনে ছয়টি ট্রেন আটকা পড়লে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে জরুরি মেরামত শেষে ধীরগতিতে ট্রেন চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার লোকমানপুর স্টেশনসংলগ্ন ২২৭/০ নম্বর রেল পিলারের কাছে রেললাইন ভাঙার বিষয়টি শনাক্ত করেন দায়িত্বে থাকা রেলকর্মীরা।

রেলওয়ে সূত্র জানায়, নিয়মিত পরিদর্শনের সময় রেললাইন ভাঙা দেখতে পেয়ে কর্মীরা দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। পরে রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মেরামত শুরু করেন। নিরাপত্তার স্বার্থে এ সময় রাজশাহীর সঙ্গে সব ধরনের রেল যোগাযোগ বন্ধ রাখা হয়।

রেললাইন ভাঙার কারণে সাগরদাঁড়ি, তিতুমীর, বনলতা, সিল্কসিটি, কমিউটার ও মধুমতি এক্সপ্রেস আব্দুলপুর ও রাজশাহী স্টেশনে আটকা পড়ে।

ঘটনাস্থলে কর্মরত রেলওয়ের মিস্ত্রি (মেট) মোস্তাক আহমেদ জানান, ভাঙা অংশটি জরুরি ভিত্তিতে মেরামত করা হয়েছে। আপাতত ওই অংশ দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ মেরামত শেষে ট্রেনের গতি স্বাভাবিক হবে।

আব্দুলপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মাসুদ রানা জানান, সকাল ৬টা ৪০ মিনিটে রেললাইন ভাঙার খবর পাওয়ার পর ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। প্রায় দুই ঘণ্টা পর মেরামত শেষে ধীরগতিতে ট্রেন চলাচল শুরু হয়েছে। আটকে থাকা ট্রেনগুলো পর্যায়ক্রমে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝