প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৭ পিএম (ভিজিটর : ১১)
নীলফামারীর ডোমারে গলায় ধারালো অস্ত্রের আঘাত ও মুখে বিষ ঢালা অবস্থায় উদ্ধার হওয়া একরামুল হক (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, গলা কেটে ও মুখে বিষ ঢেলে তাঁকে হত্যার চেষ্টা করা হয়েছিল।
নিহত একরামুল হক ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের হলহলিয়া তেলিপাড়া গ্রামের ছকিউল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার ভোরে একরামুলকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁর গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল এবং মুখে বিষ ঢেলে দেওয়া হয়েছিল বলে স্বজনদের দাবি। পরে তাঁকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তাঁর মৃত্যু হয়।
নিহতের ভাতিজা রতন ইসলাম বলেন, রাতে প্রস্রাব করতে বাড়ির বাইরে যাওয়ার পর একরামুল নিখোঁজ হন। ভোরে খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয় একজনের কাছ থেকে খবর পেয়ে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয়দের ধারণা, জমিজমা নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে।
ডোমার থানার পরিদর্শক (তদন্ত) আজগর আলী বলেন, একরামুলের সঙ্গে কয়েকজনের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে তাঁর ওপর হামলা হয়ে থাকতে পারে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।