নাটোরের বাগাতিপাড়ায় রেললাইন ভেঙে যাওয়ায় রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় দুই ঘণ্টা বিচ্ছিন্ন। এ সময় আব্দুলপুর ও রাজশাহী স্টেশনে অন্তত ছয়টি ট্রেন আটকা পড়ে, ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরে জরুরি ভিত্তিতে ভাঙা অংশ মেরামত শেষে বর্তমানে ঘণ্টায় ২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৭ টার দিকে নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর স্টেশন সংলগ্ন ২২৭/০ নম্বর রেল পিলারের কাছে রেললাইনের একটি অংশ ভেঙে যাওয়ার ঘটনা শনাক্ত হয়।
রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিয়মিত পরিদর্শনের সময় কর্তব্যরত রেলকর্মীরা লোকমানপুর স্টেশন সংলগ্ন ওই স্থানে রেললাইন ভাঙা দেখতে পান। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে তারা দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন।
খবর পেয়ে রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে জরুরি মেরামত কাজ শুরু করেন। এ সময় রাজশাহীর সঙ্গে সব ধরনের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে সাগরদাঁড়ি এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, কমিউটার ও মধুমতি এক্সপ্রেস ট্রেন আব্দুলপুর ও রাজশাহী স্টেশনে আটকা পড়ে।
ঘটনাস্থলে কর্মরত রেলওয়ের মিস্ত্রি (মেট) মোস্তাক আহমেদ জানান, সকালে রেললাইন ভাঙার বিষয়টি শনাক্ত হওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত মেরামত কাজ শুরু করা হয়। আপাতত ভাঙা অংশ দিয়ে ঘণ্টায় ২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ মেরামত সম্পন্ন হলে ট্রেনের গতি স্বাভাবিক হবে।
এ বিষয়ে আব্দুলপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মাসুদ রানা বলেন, সকাল ৬টা ৪০ মিনিটে রেললাইন ভাঙার খবর পাওয়ার পরপরই ওই পথে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। প্রায় দুই ঘণ্টা পর জরুরি মেরামত শেষে ধীরগতিতে ট্রেন চলাচল শুরু হয়েছে। বর্তমানে গতি নিয়ন্ত্রিত থাকলেও রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে এবং আটকে পড়া ট্রেনগুলো পর্যায়ক্রমে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে।
এফপি/অ