প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৪ পিএম (ভিজিটর : ৭)
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁশখালীর মানুষকে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার ও এনজিওগুলো সমন্বিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জাকারিয়া।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ইউএইডের খাদ্য সহায়তা ও উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. জাকারিয়া বলেন, ভয়াবহ বন্যায় বাঁশখালীর ঘরবাড়ি, রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পরপরই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার সহায়তার উদ্যোগ নেয়। সরকারি উদ্যোগের পাশাপাশি এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি বলেন, সমন্বিতভাবে কাজ করলে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ অনেকটাই কমানো সম্ভব। সম্মিলিত প্রচেষ্টায় বাঁশখালীর মানুষ দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে সক্ষম হবে।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ও বৈদেশিক সহায়তা বিষয়ক পরিচালক রাশেদ আল-মাইল আল-জায়াবিসহ স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ও বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বাঁশখালীর দারোগা বাজার ও শিলকূপের মনকিচরে বাংলাদেশ এডুকেশন অ্যান্ড টেকনোলজি সোসাইটির (বিইএটিএস) উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় দেড় হাজার মানুষের মধ্যে জরুরি ত্রাণ বিতরণ করা হয়। এ ছাড়া ‘আমার গ্রাম’ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ এবং বিভিন্ন এনজিওর বাস্তবায়িত কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন ড. জাকারিয়া।