স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুর পর ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাবেন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ডা. দীপু মনি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাকে প্যারোলে মুক্তি দেওয়ার আবেদন মঞ্জুর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম। তিনি জানান, স্বামীর মৃত্যুর পর দীপু মনিকে প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয়। পরে ২০ আগস্ট সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করা হয়েছে।
এর আগে, মঙ্গলবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর কারাগারে থাকা দীপু মনির প্যারোলে মুক্তি নিয়ে আলোচনা শুরু হয়।
বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে থাকা সাবেক এই মন্ত্রীর প্যারোলে মুক্তির বিষয়ে বুধবার দুপুর পর্যন্ত কারা কর্তৃপক্ষ জানিয়েছিল, তাদের কাছে কোনো আবেদন পৌঁছেনি। মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ বলেন, দীপু মনির প্যারোলে মুক্তির বিষয়ে আবেদন পাওয়া গেলে নিয়ম অনুযায়ী পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।
পরবর্তীতে দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর হওয়ার বিষয়টি তার আইনজীবী নিশ্চিত করেন। ফলে স্বামীর শেষ বিদায়ে অংশ নিতে আগামীকাল ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্ত থাকবেন দীপু মনি।
এফপি/র