Dhaka, Wednesday | 19 August 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 19 August 2026 | English
শিরোনাম:

গোপালগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার - ২

প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৩:২৭ পিএম  (ভিজিটর : ৯)

গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবা, ৪ লাখ ৫৫ হাজার টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি বিলাসবহুল মাইক্রোবাসসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১৮ আগস্ট) গভীর রাতে গোপালগঞ্জ শহরের এলজিইডি মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোপালগঞ্জ শহরের চর সোনাকৌড় এলাকার উজ্জ্বল মোল্লা (৪০) ও তার সহযোগী ওয়াসিম মোল্লা (২৫)।

পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে এলজিইডি মোড় এলাকায় ডিবির একটি দল অবস্থান নেয়। এ সময় সন্দেহজনক একটি সাদা রঙের নতুন মডেলের মাইক্রোবাসের গতিরোধ করে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় গাড়িতে থাকা উজ্জ্বল মোল্লা ও ওয়াসিম মোল্লার কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের সঙ্গে থাকা একটি লাগেজে তল্লাশি চালিয়ে আরও ৫৯ হাজার ১২৩ পিস ইয়াবা পাওয়া যায়। সব মিলিয়ে উদ্ধার করা হয় ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবা।

এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির ৪ লাখ ৫৫ হাজার টাকা উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা গাড়িতে ভুয়া নম্বর প্লেট ব্যবহার করতেন। দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে গোপালগঞ্জ ও আশপাশের এলাকায় সরবরাহ ও বিক্রি করতেন তারা।

গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার মো. হাসানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা, নগদ টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত গাড়ি জব্দ করা হয়।

তিনি জানান, গ্রেপ্তার উজ্জ্বল মোল্লার বিরুদ্ধে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন থানায় পাঁচটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অধিকতর তদন্তের স্বার্থে প্রয়োজনে তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

মাদক কারবারের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাসানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়ন চন্দ্র দেবনাথসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝