ঝিনাইদহে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ১ হাজার ৬৫২ বোতল ফেন্সিডিল সদৃশ মাদকদ্রব্য উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় মো. শাহিন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা মাদকের মধ্যে ১ হাজার ৬২ বোতল স্কাফ ও ৫৯০ বোতল ফেয়ারডিল রয়েছে বলে জানিয়েছে র্যাব।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ সদর থানার হামদহ বাইপাস মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে র্যাব-৬-এর ঝিনাইদহ ক্যাম্প।
র্যাব-৬ জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল ওই এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহভাজন একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ স্কাফ ও ফেয়ারডিল উদ্ধার করা হয়। র্যাবের ভাষ্য অনুযায়ী, উদ্ধার করা এসব মাদক ফেন্সিডিল সদৃশ।
গ্রেপ্তার শাহিন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার জয়কালিপুর গ্রামের মো. আব্দুল মালেকের ছেলে। র্যাবের দাবি, মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় শাহিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঝিনাইদহ সদর থানায় মামলা করা হয়েছে। পরে উদ্ধার করা আলামত ও গ্রেপ্তার ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়।
র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন বলেন, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি বিভিন্ন মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। হত্যা, ধর্ষণসহ গুরুতর অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতেও অভিযান চলবে।
এফপি/ফ