নওগাঁর পত্নীতলায় ডাচ্-বাংলা ব্যাংকের নতুন এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৩টায় উপজেলার চকনিরাম মোড়-ধামইরহাট সড়ক এলাকার আলপনা ট্রেডার্সে এ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কৃষিবিষয়ক সম্পাদক সামসুজ্জোহা খাঁন জোহা।
আলপনা ট্রেডার্সের স্বত্বাধিকারী সুব্রত কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের পত্নীতলা উপজেলা শাখার সভাপতি সবুজ শাহ।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের নওগাঁ অঞ্চলের সিনিয়র এরিয়া ম্যানেজার শরিফুল ইসলাম। বিশেষ আলোচক ছিলেন প্রতিষ্ঠানটির নওগাঁ অফিসের এরিয়া ম্যানেজার মো. হারুনুর রশিদ ও ম্যানেজার রেজোয়ান রশিদ।
এ সময় পত্নীতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, উপজেলা মহিলা দলের সভানেত্রী মরিয়ম বেগম সেফা এবং নজিপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদেরসহ স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যাংকিং সেবা সাধারণ মানুষের আরও কাছে পৌঁছে দেওয়া সম্ভব। বিশেষ করে প্রত্যন্ত এলাকার মানুষ যেন সহজে টাকা জমা ও উত্তোলন, রেমিট্যান্স গ্রহণসহ বিভিন্ন ব্যাংকিং সেবা নিতে পারেন, সে ক্ষেত্রে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারা আরও বলেন, আধুনিক ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার প্রসারের ফলে গ্রাহকদের সময় ও অর্থ সাশ্রয় হবে। একই সঙ্গে ব্যাংকিং সেবা গ্রহণ আরও সহজ হবে।
নতুন এজেন্ট ব্যাংকিং কার্যক্রম চালুর ফলে পত্নীতলার চকনিরাম মোড় ও আশপাশের এলাকার সাধারণ মানুষ হাতের নাগালে প্রয়োজনীয় ব্যাংকিং সেবা পাবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
এফপি/র