কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ২৩ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট জব্দ করেছে কোস্ট গার্ড ও পুলিশ। এ সময় চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রোববার (৯ আগস্ট) সকাল ৬টার দিকে উখিয়া উপজেলার পালংখালী সীমান্ত সড়ক সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও উখিয়া থানা পুলিশের সমন্বয়ে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর সময় সন্দেহজনক একটি সিএনজিকে থামার সংকেত দেওয়া হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা সিএনজিটি ফেলে পালিয়ে যায়।
তিনি বলেন, "পরবর্তীতে সিএনজিটিতে তল্লাশি চালিয়ে মিয়ানমার থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ২৩ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের ১ লাখ ১৯ হাজার শলাকা ওরিস এবং ৪০ হাজার শলাকা প্যাট্রন ব্র্যান্ডের বিদেশি সিগারেট জব্দ করা হয়। একই সঙ্গে সিগারেট পরিবহনে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়েছে।"
কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন, "চোরাকারবারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে।"
এফপি/র