ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে সমাবেশ করেছেন স্থানীয় এলাকাবাসী।
শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সোহাগপুর চকবাজার সংলগ্ন জামিয়া ইসলামিয়া দারুলউলুম মাদ্রাসা মাঠে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্থানীয়দের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার আনুমানিক ৫০০ থেকে ৬০০ মানুষ অংশ নেন। হাজী মোহাম্মদ মুসা মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহিরুল ইসলাম জারু মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, আলকাস মিয়া, মহিউদ্দিন খান শ্যামল, হাজী মোহাম্মদ হেলাল শিকদার, শামসুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীতীরবর্তী জনবসতি, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা ভাঙনের ঝুঁকিতে পড়েছে। এ পরিস্থিতিতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।
সমাবেশ থেকে অবিলম্বে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধের দাবি জানানো হয়। একই সঙ্গে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নদী ও নদীতীরবর্তী জনপদ রক্ষায় প্রশাসনের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
এফপি/র