Dhaka, Friday | 7 August 2026
         
English Edition
   
Epaper | Friday | 7 August 2026 | English
শিরোনাম:

নাটোরে পর্যটনমন্ত্রীর পথসভায় সন্দেহভাজন যুবক পিস্তল সহ আটক

প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৮:৫৫ পিএম  (ভিজিটর : ১৮)

নাটোরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পথসভাস্থল থেকে একটি পিস্তলসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে নাটোরের উত্তরা গণভবন পরিদর্শন শেষে গণভবনের প্রধান ফটকের সামনে আয়োজিত পথসভা শেষে এ ঘটনা ঘটে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলম জানান, পথসভা শেষে মন্ত্রী মঞ্চ থেকে নামার সময় সন্দেহভাজন ওই যুবক তার কাছাকাছি চলে আসে। এ সময় দু’বার ধাক্কার মতো পরিস্থিতি সৃষ্টি হলে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সন্দেহ হয়। পরে তাকে তল্লাশি করে তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাকে আটক করে নাটোর সদর থানায় নেওয়া হয়েছে।

ওসি আরও বলেন, উদ্ধার হওয়া অস্ত্রটি কী ধরনের এবং সেটি কার্যকর কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইফতে খায়ের আলম বলেন, পথসভা শেষে মন্ত্রী ও জাতীয় সংসদের হুইপ গাড়িতে ওঠার সময় ওই যুবক সন্দেহজনকভাবে সামনে এগিয়ে আসেন। নিরাপত্তার স্বার্থে তাকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছে একটি পিস্তল পাওয়া যায়। অস্ত্রটির প্রকৃতি ও বৈধতা যাচাই করা হচ্ছে। পাশাপাশি আটক যুবককে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

এ সময় জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান এবং জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এফপি/ফ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝