Dhaka, Tuesday | 28 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 28 July 2026 | English
শিরোনাম:

মুন্সীগঞ্জে অবৈধ হাউজিং প্রকল্পে অভিযানে প্রতিষ্ঠানের সাইনবোর্ড অপসারণ ও জরিমানা

প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৯:১২ পিএম  (ভিজিটর : ৮)

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা হাউজিং প্রকল্পের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে তিনটি প্রতিষ্ঠানের অবৈধ সাইনবোর্ড ও বিলবোর্ড অপসারণ করা হয়েছে। একই সঙ্গে আইন লঙ্ঘনের দায়ে দুটি রিয়েল এস্টেট কোম্পানিকে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার কেয়াইন ইউনিয়নের লক্ষ্মীবিলাস গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ।

অভিযানের সময় দীর্ঘদিন ধরে অবরুদ্ধ থাকা একটি সরকারি সড়কও উন্মুক্ত করে স্থানীয় জনগণের চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন, কানুনগো কামাল হোসেন এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দুই কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ জানান, অভিযানে সিলভার গ্রীন সিটি হাউজিং প্রকল্প, নাভানা রিয়েল এস্টেট কোম্পানি এবং প্রিন্স সিটির অবৈধ বিজ্ঞাপনের সাইনবোর্ড ও বিলবোর্ড অপসারণ করা হয়। পাশাপাশি রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ২০ ধারায় সিলভার গ্রীন সিটি হাউজিং প্রকল্পকে ২ লাখ টাকা এবং নাভানা রিয়েল এস্টেট কোম্পানিকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

তিনি আরও জানান, অভিযান চলাকালে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, সিলভার গ্রীন সিটি কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে সরকারি সড়কে লোহার রেলিং স্থাপন করে একটি গুরুত্বপূর্ণ চলাচলের পথ বন্ধ করে রেখেছিল। এতে স্থানীয়দের মসজিদে যাতায়াতসহ নিত্যদিনের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল।

স্থানীয়দের অভিযোগের পরপরই প্রশাসনিক ভাবে ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন বন্ধ থাকা সরকারি সড়কটি উন্মুক্ত করে দেয়া হয়। এতে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে। তারা জানান, এখন থেকে কোনো বাধা ছাড়াই চলাচল করতে পারছেন এবং দীর্ঘদিনের ভোগান্তির অবসান হয়েছে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝