ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অবৈধভাবে ড্রেজিংয়ের মাধ্যমে মাটি কাটার অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে দুটি ড্রেজিং মেশিন অকার্যকর এবং প্রায় ১ হাজার ৫০০ ঘনফুট পাইপের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলার তিনলাখ পীর এলাকার বিনাউটি লোহার ব্রিজের দক্ষিণ পাশে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছালে মোবাইল কোর্ট টিমের উপস্থিতি টের পেয়ে ড্রেজিং কাজে নিয়োজিত শ্রমিকরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে থাকা দুটি ড্রেজিং মেশিনের কার্যক্ষমতা নষ্ট করে দেওয়া হয়। পাশাপাশি ড্রেজিং কাজে ব্যবহৃত আনুমানিক ১ হাজার ৫০০ ঘনফুট পাইপের সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যাতে পুনরায় অবৈধভাবে মাটি উত্তোলন করা না যায়।
অভিযান পরিচালনা করেন কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির।
উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি নির্দেশনা উপেক্ষা করে অবৈধভাবে ড্রেজিংয়ের মাধ্যমে মাটি উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।
এফপি/ফ