শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় ২০০টি পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ করেছে মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। বন্যাদুর্গত মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে এ সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলার আব্দুল হাকিম স্মৃতি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেক। তিনি বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এমন মানবিক সহায়তা দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দোস্ত এইড বাংলাদেশের এই উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয় বলেও তিনি মন্তব্য করেন।
দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মু. গোলাম কিবরিয়া, নালিতাবাড়ী থানার ওসি (তদন্ত) নিজামুল হক, সাংবাদিক আব্দুল মোমেন, সমাজসেবক দুলাল হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, সংস্থার কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীরা।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জরুরি প্রয়োজন বিবেচনায় প্রতিটি ফ্যামিলি ফুড প্যাকেটে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ লিটার ভোজ্য তেল, ১ কেজি পেঁয়াজ, ৩ কেজি আলু, ২ কেজি লবণ, ২ কেজি চিনি, ২ কেজি ছোলা, ১ কেজি মুড়ি, আধা কেজি খেজুর এবং প্রয়োজনীয় জরুরি ওষুধ সরবরাহ করা হয়েছে। এসব খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় উপকরণ বন্যাদুর্গত পরিবারগুলোর কয়েক দিনের নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণে সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি মানবিক মূল্যবোধেরও গুরুত্বপূর্ণ বহিঃপ্রকাশ। তারা আশা প্রকাশ করেন, দোস্ত এইড বাংলাদেশের এ উদ্যোগ বন্যাদুর্গত পরিবারগুলোর তাৎক্ষণিক খাদ্যসংকট মোকাবিলার পাশাপাশি তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রচেষ্টায় ইতিবাচক ভূমিকা রাখবে।
সংগঠনের কর্মকর্তারা জানান, দেশের বিভিন্ন দুর্যোগ ও সংকটকালীন সময়ে দোস্ত এইড বাংলাদেশ ধারাবাহিকভাবে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও খাদ্য সহায়তা, চিকিৎসাসেবা এবং পুনর্বাসন কার্যক্রমসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এফপি/ফ