বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে কক্সবাজারের কুতুবদিয়ার একটি মাছ ধরার ট্রলার ডুবে নিখোঁজ পাঁচ জেলের মাঝে ৪ জনের মরদেহ উদ্ধার হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে কুতুবদিয়ার অমজাখালী ঘাট এলাকা হতে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কুতুবদিয়া থানার ওসি (তদন্ত) ফারুক আহমেদ। এ ঘটনায় ট্রলারটিতে থাকা অপর সাত জেলে সাতরিয়ে অন্যবোটের সাহায্যে জীবিত কুলে ফিরেছিল।
সোমবার (১৩ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে কুতুবদিয়ার অদূরের গভীর সাগরে এ বোট ডুবির দুর্ঘটনা ঘটে।
বিকেল ৪টার দিকে ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জেলেরা।
নিখোঁজ পরবর্তী মরদেহ উদ্ধার জেলেরা হলেন, কুতুবদিয়া উপজেলার দক্ষিণ অমজাখালী এলাকার শামসুল আলমের ছেলে নাছির উদ্দীন (২০), আবুল কাশেমের ছেলে মো. করিম (২১), আব্দুল মাবুদের ছেলে আইয়ুব মনির (২০), কুতুবদিয়ার আলী আকবর ডেইল হায়দারপাড়ার কামাল (৪৮)।
তাদের সাথে নিখোঁজ পেকুয়ার মগনামা ইউনিয়নের কাগপাড়ার নাছির উদ্দীন (২১) কে এখনো পাওয়া যায়নি।
স্থানীয়দের বরাতে কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) ফারুক আহমেদ বলেন, রোববার সন্ধ্যায় স্থানীয় নুরুল আবছারের মালিকানাধীন একটি ট্রলার ১২জন মাঝি-মাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যায়। সোমবার ভোরে ট্রলারটি বৈরী আবহাওয়ার কবলে পড়ে ডুবে যায়। এসময় ৭ জেলে নানাভাবে জীবিত উদ্ধার হলেও ৫ জেলে নিখোঁজ ছিল।
নিখোঁজ পাঁচ জেলের সন্ধানে স্থানীয় জেলেরা তল্লাশি চালাচ্ছিলেন। পরে সন্ধ্যা ৭টার দিকে চারজনের মরদেহ তীরে ফিরে আসে।
স্থানীয় মৎস্যজীবী নোমান উদ্দিন জানান পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের কাকপাড়া এলাকার নাছির উদ্দীন এখনো নিখোঁজ রয়েছেন।
পরিদর্শক ফারুক আহমেদ জানান, ট্রলারডুবির ঘটনায় পাঁচ জেলে নিখোঁজ হওয়ার ঘটনায় ট্রলারের মালিকের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।
এফপি/ফ