রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বৃষ্টিপাত পুরো জুলাই মাসজুড়েই অব্যাহত থাকতে পারে। তবে কখনও বৃষ্টির পরিমাণ বেশি, আবার কখনও তুলনামূলক কম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (১৩ জুলাই) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, মঙ্গলবার ও বুধবার বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে। তবে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃহস্পতিবার থেকে আবারও বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। সোমবারও রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অব্যাহত থাকবে।
তিনি জানান, ৫ জুলাই থেকে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গত কয়েক দিনে বৃষ্টিপাত বেড়েছে। যদিও নিম্নচাপের প্রভাব কমেছে, বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু এখনও সক্রিয় থাকায় পুরো মাসজুড়েই বৃষ্টির ধারা বজায় থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ১৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত রাজধানীতে আরও ১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। একই সময়ে কুমিল্লায় রেকর্ড করা হয়েছে ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের কয়েকটি বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজমান আছে।
গতকাল রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবানে ২২.৮ ডিগ্রি সেলসিয়াস।
এফপি/অ