Dhaka, Monday | 13 July 2026
         
English Edition
   
Epaper | Monday | 13 July 2026 | English
বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেফতার প্রায় ৩৩ হাজার
বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অধিদপ্তর
সারাদেশে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন করা হবে
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়ল তেলের দাম
শিরোনাম:

খুলনা সিটি করপোরেশনের পরিচালনা কমিটির ১৩তম সভা অনুষ্ঠিত

প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৬:৪৩ পিএম আপডেট: ১৩.০৭.২০২৬ ৬:৪৮ পিএম  (ভিজিটর : ৫২)

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) পরিচালনা কমিটির ১৩তম সভায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫(ক)(২) অনুযায়ী খুলনা সিটি করপোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সরকার এ পরিচালনা কমিটি গঠন করে।

সোমবার (১৩ জুলাই) সকালে সভার শুরুতে চট্টগ্রামে পাহাড়ধসসহ সারাদেশে অতিবর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। পরে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

সভায় মহানগরীতে ৫০ হাজার বৃক্ষরোপণ ও পরিচর্যা নিশ্চিত করতে স্থানীয় সরকার বিভাগের অনুমোদন সাপেক্ষে দৈনিক মজুরিভিত্তিতে ১০০ জন শ্রমিক নিয়োগের সিদ্ধান্ত হয়। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারে দৈনিক মজুরিভিত্তিতে আরও ৬৫০ জন শ্রমিক নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া সোনাডাঙ্গা সোলার পার্কে বেসরকারিভাবে সৌরবিদ্যুৎ উৎপাদন ও রক্ষণাবেক্ষণ, খুলনা ওয়াসার খননকৃত সড়ক দ্রুত সংস্কারে উভয় প্রতিষ্ঠানের সমন্বয় সভা আয়োজন, ঠিকাদারের মাধ্যমে বড় ড্রেনের বর্জ্য অপসারণ, দুপুরের পর বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করে এসটিএসে স্থানান্তর এবং এসটিএস থেকে রাতের বেলায় বর্জ্য অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

দ্রুত পানি নিষ্কাশনের জন্য রূপসা স্লুইসগেটে পরীক্ষামূলকভাবে পাম্প স্থাপন, ট্রাক টার্মিনালসংলগ্ন পাইকারি কাঁচাবাজারের অনুমোদনহীন ৫৩টি আড়ৎঘর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে প্রধান রাজস্ব কর্মকর্তার নেতৃত্বে কমিটি গঠন এবং আগামী মাসের প্রথম দিকে কেসিসির ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণার সিদ্ধান্তও সভায় গৃহীত হয়।

সভায় ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও প্রচারণা জোরদার করার পাশাপাশি ২৭, ২৮, ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া পিটিআই মোড় ও নতুন বাজার মোড়ের এসটিএস স্থানান্তরের জন্য জেলা প্রশাসনের অব্যবহৃত জমি এবং কবির বটতলা ও কল্পতরু মার্কেটসংলগ্ন এসটিএস স্থানান্তরের জন্য কেডিএর জমি বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়। নিরালা কবরস্থানসংলগ্ন নির্মিত এসটিএসে যাতায়াতের জন্য কেডিএ নির্মাণাধীন সড়কের কাজ দ্রুত শেষ করারও অনুরোধ জানানো হয়।

রূপসা পাইকারি মৎস্যবাজারসংলগ্ন খোলা জায়গায় হাঁস-মুরগি ও ডিমের পাইকারি বাজার নির্মাণ এবং নারী উদ্যোক্তাদের পণ্য বিক্রির জন্য উপযুক্ত স্থান নির্ধারণে জেলা প্রশাসনের কাছে জমি বরাদ্দ চেয়ে পত্র পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অন্তত দুটি ওয়ার্ডের জন্য একটি ছোট খেলার মাঠ, শিশুদের জন্য ছোট ছোট পার্ক নির্মাণ এবং শহীদ হাদিস পার্কসংলগ্ন খুলনা ওয়াসার ছয়টি ক্লোরিন গ্যাস সিলিন্ডার স্থানান্তরের লক্ষ্যে জেলা প্রশাসন, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, সচিব মো. রেজা রশীদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রাহিমা সুলতানা বুশরা, চিফ প্ল্যানিং অফিসার আবির উল জব্বার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, বাজেট কাম অ্যাকাউন্টস অফিসার মো. মনিরুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান, কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, কেডিএর সদস্য (প্রশাসন ও অর্থ) এম. এম. মাহমুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক বিতান কুমার মণ্ডল, বিটিসিএলের ম্যানেজার এস. এম. সাদমান রহমান, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. মুরশীদ আলমসহ সড়ক ও জনপথ বিভাগ, বিভাগীয় স্বাস্থ্য বিভাগ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিআইডব্লিউটিএ, বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিস, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি এবং কেসিসির ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝