চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রধান আসামিসহ তিনজন পালিয়ে যায়।
পুলিশ জানায়, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশে গত (১ জুলাই ২০২৬) থেকে জেলায় বিশেষ অভিযান চলমান রয়েছে।
এরই অংশ হিসেবে (১১ জুলাই) বিকেল ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল এবং নিয়মিত মামলার আসামি গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগ উত্তরপাড়া জামে মসজিদের সামনে চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ সড়কে একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেয় পুলিশ। এ সময় মোটরসাইকেলে থাকা ব্যক্তিরা সেটি ফেলে পালিয়ে যায়।
পুলিশের ভাষ্যমতে, পালিয়ে যাওয়া ব্যক্তিদের মধ্যে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি বহরাপাড়া গ্রামের মো. আব্দুর রউফ (৪৪), পিতা মো. সেন্টু এবং অজ্ঞাতনামা আরও দুইজন রয়েছেন।
পালানোর সময় মোটরসাইকেলের হ্যান্ডেলে ঝোলানো একটি ব্যাগের হাতল ছিঁড়ে রাস্তায় পড়ে যায়। পরে ব্যাগের ভেতরে থাকা ইয়াবার প্যাকেট ছড়িয়ে পড়লে পুলিশ স্থানীয় লোকজন ও সাক্ষীদের উপস্থিতিতে ঘটনাস্থল থেকে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং নওয়াবগঞ্জ-হ-১৩-৪৩২০ নম্বরের একটি নীল রঙের বাজাজ ডিসকভার মোটরসাইকেল জব্দ করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন পিপিএম জানান, মাদক উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এফপি/র