খুলনার শহরতলীর প্রান্তিকা আবাসিক এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হওয়া নারীর পরিচয় এখনো শনাক্ত হয়নি। মরদেহটি শনাক্তে নগরবাসীর সহযোগিতা চেয়েছে খুলনা সদর থানা পুলিশ।
পুলিশ জানায়, নিহত তরুণীর মাথায় আঘাতের চিহ্ন ও গলায় দাগ রয়েছে। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে কী দিয়ে আঘাত করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে প্রান্তিকা আবাসিক এলাকার ৩ নম্বর রোডের একটি সাততলা ভবনের সামনে প্লাস্টিকের বস্তা থেকে রক্ত বের হতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তার ভেতর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করে।
খুলনা সদর থানার সহকারী পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টা পর্যন্ত নিহত নারীর পরিচয় শনাক্ত হয়নি। তার ছবি বিভিন্ন থানায় পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তে পুলিশ, র্যাব, সিআইডি ও পিবিআই কাজ করছে।
তিনি আরও বলেন, বস্তা থেকে উদ্ধারের সময় মরদেহ থেকে তাজা রক্ত বের হচ্ছিল। এ কারণে ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডটি প্রান্তিকা বা নিরালা আবাসিক এলাকা ও আশপাশের কোথাও ঘটতে পারে। এ বিষয়ে তদন্ত চলছে।
মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিচয় শনাক্তে নিহত নারীর ছবি প্রকাশ করে সহযোগিতা চেয়েছে পুলিশ।
এফপি/র