চট্টগ্রামের লোহাগাড়ায় বন্যাকবলিত এলাকা থেকে এক গর্ভবতী নারীকে কাঁধে করে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আমিরাবাদ খৈয়ারকুল এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই এলাকার এক গর্ভবতী নারী বন্যার পানিতে নিজ বাড়িতে আটকা পড়েন। খবর পেয়ে লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহজাদা মিনহাজ ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করেন।
সংবাদ পেয়ে লোহাগাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে উদ্ধার করেন। পরে কাঁধে করে পানির মধ্য দিয়ে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন।
লোহাগাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার জাহাঙ্গীর আলম বলেন, খবর পাওয়ার পরপরই তারা ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে নিরাপদে হাসপাতালে পৌঁছে দেন।
দুর্যোগের সময়ে ফায়ার সার্ভিসের এমন মানবিক ও সাহসী ভূমিকার প্রশংসা করেছেন স্থানীয়রা।
এফপি/র