সমাবেশ, বর্ণাঢ্য শোভাযাত্রা, বৃক্ষরোপণ, গাছের চারা বিতরণ, আলোচনা সভা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণের মধ্য দিয়ে খুলনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল ‘জলবায়ু পরিবর্তন, আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’।
বৃহস্পতিবার (০৯ জুলাই) দিবসটি উপলক্ষে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পরিবেশ রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা নিয়েছে। এ বছর পাঁচ কোটি গাছের চারা রোপণ করা হবে। এটি বর্তমান সরকারের পরিবেশবান্ধব কর্মসূচির অংশ।
তিনি আরও বলেন, জনগণের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচিকে জোরদার করতে হবে। প্লাস্টিক পরিবেশের জন্য ক্ষতিকর, তাই এর ব্যবহার থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। তিনি সবাইকে অন্তত দুটি করে গাছের চারা রোপণের আহ্বান জানান।
খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান এবং ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. কাজী আবু রাশেদ।
প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মো. মুজিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক খোন্দকার মো. ফজলুল হক।
বিভাগীয় ও জেলা প্রশাসন এবং খুলনা পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য, প্রতিবছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। বিশেষ কারণে বাংলাদেশে এ বছর ৫ জুনের পরিবর্তে ৯ জুলাই দিবসটি পালন করা হচ্ছে।
এর আগে দিবসটি উপলক্ষে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এফপি/র