সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে ১৬টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন জব্দ করেছে।
মঙ্গলবার (৩০ জুন) রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ৫৯ বিজিবির ভোলাহাট উপজেলার চামুচা বিওপির নায়েব সুবেদার (সিগন্যাল) মো. ময়নুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৯৭/২-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট সদর ইউনিয়নের চামুচা গ্রামের মাগুড়া মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন ১৬টি ভারতীয় ব্যবহৃত চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রতিবেদন লেখা পর্যন্ত জব্দ করা মোবাইল ফোনগুলো প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম চলছিল।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “বিজিবি সব ধরনের চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) গত তিন মাসে সীমান্তে অভিযান চালিয়ে এ পর্যন্ত ১৩৩টি চোরাই মোবাইল ফোন জব্দ করেছে।
এফপি/র