ভেনেজুয়েলায় গত সপ্তাহে পরপর দুই ভূমিকম্পের পর উদ্ধার অভিযান এখনও শেষ হয়নি। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১,৭১৯ জনে দাঁড়িয়েছে। এখনো হাজারো মানুষ নিখোঁজ অথবা ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছে। খবর: আল-জাজিরা।
সোমবার (২৯ জুন) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে ন্যাশনাল অ্যাসেম্বলির নেতা জর্জ রদ্রিগেজ জানান, এ পর্যন্ত ৫,০৩৪ জন আহত হয়েছেন। এছাড়া ভূমিকম্পে ঘরবাড়ি হারিয়ে ১৫,৮৬৬ জন মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, পরপর আঘাত হানা ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাচ্ছেন।
এরই মধ্যে সোমবার উদ্ধার অভিযানের গুরুত্বপূর্ণ সময়ে আবারও একটি শক্তিশালী আফটারশক অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ জানায়, ১০ কিলোমিটার গভীরে উৎপন্ন ৪.৬ মাত্রার এই কম্পনের উৎপত্তিস্থল ছিল কারাবালেদা শহরের উত্তরে দেশটির ক্যারিবীয় উপকূলীয় এলাকায়।
তবে জাতীয় পরিষদের নেতা রদ্রিগেজ জানান, সর্বশেষ আফটারশকে তাৎক্ষণিকভাবে নতুন কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম এখনো জোরেশোরে চলমান রয়েছে।
এফপি/অ