Dhaka, Saturday | 27 June 2026
         
English Edition
   
Epaper | Saturday | 27 June 2026 | English
বাংলাদেশকে ১১০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক
দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর
যুক্তরাষ্ট্রের ৩১ শহরে ‘রইদ’
পাগলা মসজিদে এবার মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা
শিরোনাম:

খুলনায় ‘লায়ন শিল্পী ডায়াবেটিস কেয়ার সেন্টার’ উদ্বোধন

প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৪:৪২ পিএম  (ভিজিটর : ৬৪)

খুলনার ফুলতলা উপজেলার পাইগ্রাম কসবায় আধুনিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণের লক্ষ্যে ‘লায়ন শিল্পী ডায়াবেটিস কেয়ার সেন্টার’ উদ্বোধন করা হয়েছে। লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন (এলসিআইএফ)-এর অনুদানে স্থাপিত এ কেন্দ্র থেকে নামমাত্র ফিতে ডায়াবেটিস, চক্ষু, ডেন্টাল ও কান-নাক-গলা (ইএনটি) বিভাগের চিকিৎসাসেবা পাওয়া যাবে।

শনিবার (২৭ জুন) পাইগ্রাম কসবা লায়ন্স ক্লাবের স্থায়ী ভবনে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রটির উদ্বোধন করেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫এ১ বাংলাদেশের জেলা গভর্নর এ কে এম গোলাম ফারুক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইগ্রাম কসবা লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার আবিদ হাবিব।

অনুষ্ঠানে জানানো হয়, এলসিআইএফের 'এক্সপ্যান্ড লায়ন হেলথ সেন্টার ইন ফুলতলা' প্রকল্পের আওতায় স্বাস্থ্যকেন্দ্রটি সম্প্রসারণ করা হয়েছে। এলসিআইএফের এই স্বাস্থ্যসেবা–সংক্রান্ত আন্তর্জাতিক অনুদান পাওয়া দেশের একমাত্র লায়ন্স ক্লাব হলো পাইগ্রাম কসবা লায়ন্স ক্লাব।

স্বাস্থ্যকেন্দ্রটি প্রতিষ্ঠা ও সম্প্রসারণে বিশেষ ভূমিকা রাখায় সমাজসেবী ও লায়ন্স নেত্রী সালমা সুলতানা শিল্পীর নামে কেন্দ্রটির নামকরণ করা হয়েছে। তিনি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া সাবেক জেলা গভর্নর সাবিনা সিদ্দিকা, জেলা ক্যাবিনেট সেক্রেটারি মিজানুর রহমান, জেলা ট্রেজারার সাইদুর রহমানসহ লায়ন্স ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

গভর্নর এ কে এম গোলাম ফারুক বলেন, কেন্দ্রটি চালু হওয়ায় ফুলতলা ও আশপাশের এলাকার মানুষ সহজে ও স্বল্প খরচে বিশেষায়িত স্বাস্থ্যসেবা পাবেন। এতে চিকিৎসার জন্য খুলনা শহরে যাওয়ার প্রয়োজন অনেকটাই কমবে। সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য হবে।

সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার আবিদ হাবিব বলেন, মানবসেবাই লায়ন্সের মূল দর্শন। আন্তর্জাতিক এই সহযোগিতার মাধ্যমে প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবার পরিধি আরও বাড়বে এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ প্রত্যন্ত অঞ্চলের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
  
এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝