মাগুরার নবাগত জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদের সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০ টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, জেলা তথ্য অফিসার পাভেল দাস, নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) আমিরুল ইসলাম।
মাগুরা মেডিকেল কলেজ স্থাপন, মাগুরা সদর হসপিটালের চিকিৎসা সেবার মানোন্নয়ন, জেলা শিল্পকলা একাডেমীর উন্নয়ন, পাবলিক লাইব্রেরির উন্নয়ন সহ মাগুরার সার্বিক উন্নয়নের দিক তুলে ধরে নবাগত জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ বলেন, সাংবাদিকদের সাথে নিয়ে মাগুরার বিভিন্ন উন্নয়নমূলক কাজ সততা ও নিষ্ঠার সাথে করতে চাই। আপনারা সব সময় সঠিক তথ্য তুলে ধরলে আমার কাজ করতে অনেকটা সহজ হবে। এছাড়াও মাগুরার অন্যান্য নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণের সাহায্য সহযোগিতা কামনা করছি।
নবাগত জেলা প্রশাসক আরো বলেন, শুরুর দিন থেকে বিদায় দিনটি আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমি যেন সবার সাথে সম্মানের সাথে বিদায় নিতে পারি সে চেষ্টা করে যাবো। কর্মজীবনে বিভিন্ন স্টেশনে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবং আরো নতুন নতুন কিছু করার উদ্যোগ নিয়ে আমি মাগুরাকে সাজাতে চাই। জেলার প্রধান সমন্বয়ক হিসেবে সকল নাগরিকের সমান গুরুত্ব আমার কাছে রয়েছে। উন্নয়নের পাশাপাশি মাগুরার নাগরিক সেবার উপরেও বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করার জন্য ইতিমধ্যে বিভিন্ন দপ্তরের নির্দেশনা দিয়েছি। তিনি সাংবাদিকদের মাধ্যমে সবাইকে ভালো কাজে অংশগ্রহণের জন্য আহ্বান জানান।
উক্ত মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় অর্ধশতাধিক সাংবাদিকবৃন্দ।
এ সময় মাগুরা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক তরিকুল আনোয়ার তরুণ, শরীফ স্বাধীন, শরীফ তেহেরান টুটুল, আবু বাসার আকন্দ, শেখ ইলিয়াস মিঠুন, সোহানুজ্জামান খান নয়ন সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ নবাগত জেলা প্রশাসককে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য এবং বিভিন্ন মতামত প্রকাশ করেন।
এফপি/এমআই