মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে ২৫টি ব্যাংকের মাধ্যমে ১ কোটি ৮৮ লাখ টাকার কৃষিঋণ বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা ভিত্তিক কৃষিঋণ প্রচারণা, আলোচনা সভা ও প্রকাশ্যে ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ব্যাংক, সিলেট এবং শ্রীমঙ্গল উপজেলায় কার্যরত তফসিলি ব্যাংকসমূহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে ঋণের চেক বিতরণ করেন বাংলাদেশ ব্যাংক সিলেটের নির্বাহী পরিচালক খালেদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি ব্যাংক পিএলসির সিলেট অঞ্চলের আঞ্চলিক প্রধান আহমদ মননুন পান্না, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দিন এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক।
শ্রীমঙ্গলের সহকারি কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা কৃষি খাতে সহজ শর্তে ঋণপ্রাপ্তির সুযোগ, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধিতে ব্যাংকিং সহায়তার গুরুত্ব তুলে ধরেন।
এসময় আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও জনতা ব্যাংকের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমদ, এবি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক মো. মুনিম আহমদ, এনসিসি ব্যাংকের ব্যবস্থাপক জয়দীপ বিশ্বাস, স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপক মুনিরুল ইসলাম, অগ্রনী ব্যাংকের ব্যবস্থাপক মো. নানু মিয়াসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, কৃষি বিভাগের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় কৃষকরা।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের মধ্যে মোট ১ কোটি ৮৮ লাখ টাকার কৃষিঋণ বিতরণ করা হয়। বক্তারা বলেন, কৃষি খাতকে আরও গতিশীল ও টেকসই করতে ব্যাংকগুলোর এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এফপি/অ