Dhaka, Sunday | 31 May 2026
         
English Edition
   
Epaper | Sunday | 31 May 2026 | English
দেশে ফিরেছেন ৬১৭৫ হাজি
ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক
কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে প্রধানমন্ত্রী
ঈদের নামাজ শেষে বাবা-মা-ভাইয়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

মাদারীপুরে হত্যা মামলার আসামীর লাশ উদ্ধার

প্রকাশ: রবিবার, ৩১ মে, ২০২৬, ১১:৩২ এএম  (ভিজিটর : ৬)

মাদারীপুরের আলোচিত জাহাঙ্গীর খান হত্যা মামলার পলাতক আসামি ওসমান আকন (৩০)-এর মরদেহ ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে মামলার বাদীপক্ষ এ অভিযোগ অস্বীকার করে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের ৩০ জানুয়ারি রাতে মাদারীপুর পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের মধ্যখাগদী এলাকায় জাহাঙ্গীর খানের সঙ্গে একই এলাকার ইউসুফ আকনসহ কয়েকজনের জুয়া খেলা নিয়ে বিরোধের ঘটনা ঘটে। ওই বিরোধের জেরে মাথায় আঘাত পেয়ে জাহাঙ্গীর খানের মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় ১ ফেব্রুয়ারি নিহত জাহাঙ্গীর খানের বড় মেয়ের জামাই মো. সাজ্জাদ শেখ বাদী হয়ে মাদারীপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ইউসুফ আকন, ওসমান আকন, রুহুল আকন, রবিউল আকনসহ চার ভাই, তাদের চাচা সাহেব আলী আকন এবং আরও ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়।

মামলা দায়েরের পর পুলিশ রবিউল আকনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। তবে অন্য আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

এদিকে পলাতক থাকা অবস্থায় ওসমান আকনের মরদেহ ঢাকার শাহবাগ থানা এলাকা থেকে বৃহস্পতিবার (২৮ মে) উদ্ধার করে পুলিশ। পরে শাহবাগ থানা পুলিশ বিষয়টি তার পরিবারকে জানালে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে মরদেহ শনাক্ত করেন। ময়নাতদন্ত শেষে শুক্রবার বিকেলে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

নিহত ওসমান আকনের মা রাহেলা বেগম অভিযোগ করে বলেন, “আমার প্রতিবন্ধী ছেলেকে মিথ্যা মামলায় আসামি করায় সে দীর্ঘদিন বাড়িতে ফিরতে পারেনি। পরে জানতে পারি, তার মরদেহ ঢাকায় পাওয়া গেছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল এবং মুখ বাঁধা অবস্থায় পাওয়া গেছে। আমার বিশ্বাস, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”

তবে অভিযোগ অস্বীকার করেছেন জাহাঙ্গীর হত্যা মামলার বাদী সাজ্জাদ শেখ। তিনি বলেন, “ওসমান আকনের বিরুদ্ধে চুরির অভিযোগ ছিল। সে কোথাও চুরি করতে গিয়ে গণপিটুনি বা অন্য কোনো ঘটনার শিকার হয়ে থাকতে পারে। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।”

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “ঢাকার শাহবাগ থানা এলাকায় ওসমান আকন নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তিনি মাদারীপুর সদর থানার জাহাঙ্গীর হত্যা মামলার দুই নম্বর আসামি ছিলেন। বিষয়টি আদালতকে অবহিত করা হবে।”

ওসমান আকনের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের দিকে এখন নজর রয়েছে নিহতের পরিবার ও স্থানীয়দের। তদন্ত শেষে তার মৃত্যুর পেছনের প্রকৃত রহস্য উদঘাটিত হবে বলে সংশ্লিষ্টদের আশা।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝