ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’।
ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং উপজেলা ভূমি অফিসের আয়োজনে মঙ্গলবার (১৯ মে) সকাল থেকে এ মেলার কার্যক্রম শুরু হয়। আগামী ২১ মে বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই মেলা।
মেলার উদ্বোধন করেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম। ফিতা কেটে উদ্বোধনের পর অতিথিরা একটি বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন। র্যালিটি উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ কনফারেন্স হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানজিল কবির। সভায় বক্তারা ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার গুরুত্ব ও নাগরিক সেবাকে সহজীকরণের বিভিন্ন দিক তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) বলেন, জনগণকে দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত ভূমি সেবা দিতে সরকার সম্পূর্ণ ডিজিটাল ও অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়নে কাজ করছে। বর্তমানে নাগরিকরা ঘরে বসেই ১৬১২২ নম্বরে কল করে কিংবা land.gov.bd ব্যবহার করে ই-নামজারি, খতিয়ান উত্তোলন, ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন সেবা গ্রহণ করতে পারছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাকিল মাহমুদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সদানন্দ পাল, কসবা থানা পুলিশের উপ-পরিদর্শক ফারুক হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল উদ্দিন, সাবেক পৌর বিএনপি সভাপতি আশরাফ আলী, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি বশির আহাম্মদ চৌধুরী, সাধারণ সম্পাদক আইয়ুম খান এবং কসবা প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও সাধারণ সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।
মেলা উপলক্ষে প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত বিশেষ সেবা বুথ চালু রাখা হয়েছে। এসব বুথ থেকে সাধারণ মানুষ বিনামূল্যে ভূমি সংক্রান্ত তথ্য, পরামর্শ এবং বিভিন্ন ডিজিটাল সেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন।
এফপি/জেএস