‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীমঙ্গলে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ শুভ উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন, উপজেলা বিএনপি'র আহবায়ক নুরুল আলম সিদ্দিকী, বিএনপি নেতা মো. ইয়াকুব আলী প্রমুখ।
শ্রীমঙ্গল ভূমি অফিস সূত্র জানায়, ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমিসেবা বিষয়ে জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে তিনদিনব্যাপি ভূমিসেবা মেলা সারাদেশে একযোগে অনুষ্ঠিত হচ্ছে। মেলায় বিভিন্ন ভূমিসেবা সম্পর্কে নাগরিকদের অবহিত করাসহ তাৎক্ষনিক ভূমিসেবা প্রদান করা হবে।
ভূমি মেলায় নাগরিকদের বিভিন্ন ধরনের ভূমিসেবা সম্পর্কে অবহিত করার পাশাপাশি অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারি আবেদন গ্রহণ, খতিয়ান ও মৌজা ম্যাপের আবেদনসহ বিভিন্ন সেবা প্রদান করা হয়। উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
এ সময় ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সেবাগ্রহীতা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এফপি/অ