কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে নেওয়া ২ হাজার ৪০০ বস্তা সিমেন্ট জব্দ করেছে কোস্ট গার্ড ও বাংলাদেশ নৌবাহিনী। এ সময় পাচারকাজে ব্যবহৃত তিনটি ফিশিং বোটসহ ৩৩ জনকে আটক করা হয়।
শনিবার (১৬ মে) দিনব্যাপী পরিচালিত যৌথ অভিযানে এসব সিমেন্ট জব্দ করা হয়। জব্দ করা সিমেন্টের আনুমানিক মূল্য ১৬ লাখ ৮০ হাজার টাকা।
কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী, স্টেশন সেন্টমার্টিন এবং বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা যৌথভাবে সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে সন্দেহজনক তিনটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ২ হাজার ৪০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়।
এ সময় পাচারকাজে জড়িত অভিযোগে তিনটি বোটসহ ৩৩ জনকে আটক করা হয়। আটককৃতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, হাতিয়া ও সন্দ্বীপের বিভিন্ন এলাকা থেকে সিমেন্ট সংগ্রহ করে মিয়ানমারের একটি নিষিদ্ধ গোষ্ঠীর কাছে সরবরাহের উদ্দেশ্যে তারা সমুদ্রপথে যাচ্ছিলেন।
কোস্ট গার্ড জানিয়েছে, এ ধরনের চোরাচালানের সঙ্গে জড়িত মূলহোতাদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিত অভিযানও বাড়ানো হয়েছে।
জব্দ করা সিমেন্ট, ব্যবহৃত ফিশিং বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
এফপি/জেএস