সাতক্ষীরার দেবহাটায় ভেজালবিরোধী যৌথ অভিযানে দুইটি আইসক্রিম উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা অর্থদণ্ড করেছে র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা এবং জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১২ মে) দেবহাটা উপজেলার পারুলিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভেজাল মিশ্রিত ও স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ উপাদান ব্যবহার করে পণ্য উৎপাদনের অভিযোগে “শিলা আইসক্রীম” নামের প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪১ ও ৪২ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে “মদিনা আইসক্রীম” নামের আরেকটি প্রতিষ্ঠানকে ভেজাল পণ্য উৎপাদন এবং অবৈধ পদ্ধতিতে পণ্য প্রস্তুতের দায়ে একই আইনের ৪১ ও ৪৩ ধারায় আরও ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরার কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার জনাব জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ এবং সাতক্ষীরা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাইফূল ইসলাম।
র্যাব জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এফপি/জেএস