Dhaka, Wednesday | 6 May 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 6 May 2026 | English
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
মোদিকে অভিনন্দন জানালেন ট্রাম্প
লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়
ঈদ যাত্রা সহজ করতে যেসব রুটে চলবে স্পেশাল ট্রেন
শিরোনাম:

কালীগঞ্জে বিদ্যুতের খুঁটি ভেঙে অটোরিকশার ওপর, নিহত ১

প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৪:৫২ পিএম  (ভিজিটর : ৬)

গাজীপুরের কালীগঞ্জে টঙ্গী–কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বিদ্যুতের খুঁটি ভেঙে অটোরিকশার ওপর পড়ে এক শিক্ষিকা নিহত ও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) বিকেলে উপজেলার শিমুলিয়া রেলগেটের পূর্ব পাশে একটি বিদ্যুৎ পাওয়ার প্লান্টের অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শারমিন ফেরদৌস (৪৭) উপজেলার শিমুলিয়া গ্রামের তোফাজ্জল হোসেনের স্ত্রী এবং একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। আহতরা হলেন তন্ময় (১৬) ও পূজা রাণী দেবনাথ (২০)। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাদের ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) অধীনে শিমুলিয়া সাবস্টেশন থেকে কালীগঞ্জে সংযোগ দেওয়া লাইনের অন্তত ১৭টি খুঁটি ভেঙে সড়কের ওপর পড়ে যায়। এ সময় বিদ্যুৎ সংযোগ চালু থাকায় ঘটনাস্থলটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। খুঁটির তার পাশের একটি পুকুরে পড়ে গেলে সেখানে মাছ মরে ভেসে ওঠার ঘটনাও ঘটে।

দুর্ঘটনার পর টঙ্গী–কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় তীব্র যানজট। এতে হাজারো যাত্রী দুর্ভোগে পড়েন। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগের কর্মী ও সংশ্লিষ্ট ঠিকাদারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে সড়কে পড়ে থাকা খুঁটি অপসারণ ও মেরামতের কাজ শুরু করেন। পরে রাত সাড়ে আটটার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়দের অভিযোগ, নির্মাণাধীন বিদ্যুৎ লাইনের খুঁটির গোড়া মজবুতভাবে স্থাপন না করায় এবং ঠিকাদারদের গাফিলতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। দুপুরে ঝড়-বৃষ্টির পর খুঁটিগুলো ভেঙে পড়ে বলে ধারণা করা হচ্ছে।

কালীগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার জানান, নিহত শিক্ষিকা শারমিন ফেরদৌস 'হলদে পাখি' কার্যক্রমের পাঁচদিনব্যাপী প্রশিক্ষণে অংশ নিতে গাজীপুর সদরের একটি বিদ্যালয়ে গিয়েছিলেন। মঙ্গলবার প্রশিক্ষণ শেষে বাড়ি ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জাবেদ কায়সার জানান, আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।

কালীগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম আক্তার হোসেন বলেন, শিমুলিয়া সাবস্টেশন থেকে কালীগঞ্জে সংযোগ দেওয়া লাইনের একাধিক খুঁটি ভেঙে পড়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, দুর্ঘটনার পরপরই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্টদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং যান চলাচল স্বাভাবিক করা হয়।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝