Dhaka, Friday | 24 July 2026
         
English Edition
   
Epaper | Friday | 24 July 2026 | English
শিরোনাম:

চুয়াডাঙ্গায় কৃষকের অর্ধাংশ শিয়ালে খাওয়া মরদেহ উদ্ধার

প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৫:২৩ পিএম  (ভিজিটর : ৭৫)

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদি ইউনিয়নের ওসমানপুর গ্রামের কাটাখাল মাঠ থেকে নিখোঁজের একদিন পর আবুল হোসেন (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের ধারণা, তাঁর মৃত্যু হওয়ার পর মরদেহের একটি অংশ শিয়াল খেয়ে ফেলেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) সকাল ৯ টার দিকে কাটাখাল মাঠের শ্মশানঘাট-সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আবুল হোসেন ওসমানপুর নতুনপাড়া এলাকার মৃত রুস্তম বিশ্বাসের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার বিকেলে কৃষিজমিতে সার দিতে বাড়ি থেকে বের হন আবুল হোসেন। রাত হয়ে গেলেও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। শুক্রবার সকালে স্থানীয়রা মাঠে তাঁর ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

পরিবারের সদস্যদের দাবি, বৃহস্পতিবার বিকেলে এলাকায় বজ্রপাত হয়েছিল। তাঁদের ধারণা, সেই বজ্রপাতে অথবা হার্ট অ্যাটাকে আবুল হোসেনের মৃত্যু হয়। পরে মাঠে থাকা অবস্থায় শিয়াল মরদেহের একটি অংশ ক্ষতিগ্রস্ত করে থাকতে পারে।

খবর পেয়ে আলমডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে শরীরে যে ধরনের ক্ষতচিহ্ন দেখা গেছে, তা কোনো বন্য প্রাণী, বিশেষ করে শিয়ালের আক্রমণে হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এটি কেবল প্রাথমিক পর্যবেক্ষণ। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, কাটাখাল মাঠ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের একটি অংশ শিয়ালে খেয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এফপি/ফ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝