লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে ১২-১৪ বয়সী ছাত্র-ছাত্রীদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টির লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ এর বায়েজিদ শিক্ষা থানার (বায়েজিদ, বন্দর, ইপিজেড, পতেঙ্গা) প্রতিযোগিতা সম্পন্ন হলো ২৯শে এপ্রিল বুধবার ২০২৬ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উপ-সচিব জনাব মোহাম্মদ আজিজুল মওলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ শফিউল আলম, থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, বায়েজিদ, চট্টগ্রাম।
দিনব্যাপী এ আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব পারভীন আকতার। প্রধান অতিথি মহোদয় তার বক্তব্যে শিক্ষার্থীর জীবনে খেলাধুলার উপকারিতা ও গুরুত্ব তুলে ধরেন।
উক্ত ক্রীড়া আয়োজনে শিশু-কিশোরদের মোট ০৮টি ইভেন্ট : ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার এবং মার্শাল আর্টে অংশগ্রহণের সুযোগ তৈরি করা হয়েছে। এতে শিক্ষার্থী খেলোয়াড় (বালক ও বালিকা) থানা পর্যায়ে বাছাইপর্বে অংশগ্রহণ করে দল গঠন করেছে। উক্ত আয়োজনে বন্দর কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক এবং খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।
এফপি/অ