পিরোজপুরের জিয়ানগরে এক ভুয়া হোমিও চিকিৎসককে গ্রেফতার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তার সহযোগী চিকিৎসককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে উপজেলার সরকারি ইন্দুরকানী কলেজ মোড় সংলগ্ন একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
অভিযান পরিচালনা করেন জিয়ানগর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মো: হাফিজুর রহমান। এ সময় জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা: পারভীন, জিয়ানগর থানা পুলিশ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত এম. এ. আকবর (৩৭) চিকিৎসক না হয়েও বেশ কিছুদিন ধরে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসাসেবা দিয়ে আসছে। এমন অভিযোগের ভিত্তিতে সরকারি ইন্দুরকানী কলেজ মোড় সংলগ্ন একটি বাসায় অভিযান পরিচালনা করে বিডিএস ডিগ্রী ব্যতীত ডাক্তার পদবী ব্যবহার করে টিউমার, ক্যান্সর, বন্ধ্যাত্ব, হৃদরোগ, হার্ডব্লক, কিডনি পাথর, পিত্ত পাথরসহ অন্যান্য বিষয়ে চিকিৎসা প্রদান করেন। এছাড়াও ঢাকা হোমিও ক্লিনিক নাম ব্যবহার করে স্থানীয় বিভিন্ন ব্যক্তিদেরকে QUANTUM RESONACE MAGNETIC ANALYZER ডিভাউস ব্যবহার করে সকল ধরনের পরীক্ষা নীরিক্ষার ভুয়া তথ্য ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান কালে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হাতানাতে আটক করা হয়।
আটককালে অনুমোদন বিহীন হোমিও ঔষধ প্রদানের মাধ্যমে জনগণকে ভুল চিকিৎসা দেওয়ার এবং জ্বালিয়াতির মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায় এবং স্বাস্থ্যহানীর বিষয়টি প্রমাণিত হয়। এসময় তার সহযোগী রতন কুমার শীল (৪০) কর্তৃক গ্রামের সহজ সরল মানুষের নিকট প্রতারণার মাধ্যমে গ্রিন কার্ডে সুবিধা প্রাপ্তির প্রলোভন দেখিয়ে নগদ অর্থ সংগ্রহণের প্রমাণ পাওয়া যায়। আসামীদের দোষ স্বীকারোক্তিতে এম. এ. আকবর কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং রতন কুমার শীলকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মো: হাফিজুর রহমান বলেন, এম. এ. আকবর দীর্ঘদিন ধরে বৈধ সনদ ছাড়াই হোমিও চিকিৎসক পরিচয়ে রোগী দেখছিলেন এবং সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছিলেন। বিষয়টি প্রশাসনের নজরে এলে আজ অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সাথে তার সহযোগীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
এফপি/অ