Dhaka, Saturday | 25 April 2026
         
English Edition
   
Epaper | Saturday | 25 April 2026 | English
বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন
কলেজছাত্রের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী
সুনামগঞ্জে আকস্মিক বন্যার আভাস
‘জুলাইযোদ্ধা ও শহীদ পরিবার’ নিয়ে জামায়াতের সমাবেশ আজ
শিরোনাম:

শ্রীমঙ্গলে এমপির কঠোর নির্দেশনা: মাদক, বালু উত্তোলন ও যানজট নিয়ন্ত্রণ

প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৭:০৯ পিএম  (ভিজিটর : ৯)

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরীর উদ্যোগে শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও জনসেবা নিশ্চিতকরণে একটি বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সকালে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী।

সভায় বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের উদ্দেশে এমপি বলেন, ‘আমি আপনাদের অভিভাবক বা শাসক হিসেবে নয়, একজন ভাই হিসেবে অনুরোধ করছি-আমার এলাকা থেকে মাদক নির্মূল করুন, পর্যটকদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করুন, অবৈধ বালু উত্তোলন বন্ধ করুন এবং যানজট নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিন।’

তিনি বলেন, দেশের অন্যতম পর্যটননির্ভর উপজেলা শ্রীমঙ্গল তার ভৌগোলিক ও প্রাকৃতিক বৈচিত্র্যের কারণে বিশেষ গুরুত্ব বহন করে। সীমান্ত এলাকা, চা-বাগান, বনাঞ্চল, হাওর ও পাহাড়ি ছড়ায় ঘেরা এই অঞ্চলে প্রতিদিন হাজারো পর্যটকের আগমন ঘটে।

এমপি আরও বলেন, ‘আমার এলাকার মানুষ যেন শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে বসবাস করতে পারে, তাদের দৈনন্দিন জীবন নির্বিঘ্ন থাকে-এটি নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। একজন জনপ্রতিনিধি হিসেবে আমি এটিকে আমার নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব মনে করি।’

নির্বাচনের পূর্বের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, শ্রীমঙ্গলকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে তিনি বদ্ধপরিকর। এ লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় মাদক নির্মূল, অবৈধ বালু উত্তোলন বন্ধ, মোটরসাইকেল ও গরু চুরি প্রতিরোধ, ছিনতাই দমন, যানজট নিয়ন্ত্রণ, বনাঞ্চলে গাছ চুরি রোধ এবং সরকারি অফিসগুলোকে জনবান্ধব করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এছাড়া র‌্যাব, পুলিশ, বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, উপজেলা প্রশাসন, বন বিভাগ ও ট্রাফিক বিভাগের মধ্যে সমন্বিত কার্যক্রম জোরদার এবং তথ্য আদান-প্রদান বৃদ্ধির ওপর গুরুত্ব দেন বক্তারা।

সভায় শ্রীমঙ্গলে দায়িত্বরত র‌্যাব, থানা পুলিশ, পর্যটন পুলিশ, রেলওয়ে পুলিশ, বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আনসার বাহিনী, ফায়ার সার্ভিসের প্রতিনিধিসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝