মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সংঘটিত জুনায়েদ হত্যাকাণ্ডের প্রধান আসামী মোঃ আলামিন (২২) কে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার প্রত্যন্ত এলাকা থেকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
তিনি আরও জানান, শ্রীমঙ্গল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সজীব চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে সুনামগঞ্জ থানা পুলিশ ও র্যাব সদস্যরা সহযোগিতা করেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতের অভিযানে জগন্নাথপুর উপজেলার একটি প্রত্যন্ত এলাকা থেকে আলামিনকে গ্রেফতার করে শ্রীমঙ্গল থানায় নিয়ে আসা হয়।
এসআই সজীব চৌধুরী জানান, গ্রেফতারের পর শুক্রবার আসামীকে মৌলভীবাজার আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
এফপি/জেএস