ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভুয়া ওয়ারিশসনদ, চারিত্রিক সনদ ও প্রত্যয়নপত্র তৈরি ও বিক্রির অভিযোগে দুইটি কম্পিউটার দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২২ এপ্রিল) কসবা সুপার মার্কেটে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ সন্দেহজনক সনদ জব্দ করা হয়। অভিযানটি পরিচালনা করেন কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তানজিল কবির।
অভিযান চালিয়ে দেখা যায়, কিছু দোকানে কসবা পৌরসভার প্রশাসক এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের স্বাক্ষরিত ও স্বাক্ষরবিহীন ব্ল্যাঙ্ক (নাম-ঠিকানাবিহীন, তবে স্মারক নম্বর ও তারিখযুক্ত) ওয়ারিশসনদ, চারিত্রিক সনদ ও প্রত্যয়নপত্র মজুদ রয়েছে। এসব কাগজপত্র পরবর্তীতে জালিয়াতির কাজে ব্যবহৃত হয়ে আসছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ‘ব্রাদ্রার্স কম্পিউটার’-কে ২০ হাজার টাকা এবং ‘সাইফুল এন্ড রাকিব কম্পিউটার’-কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়।
এফপি/জেএস