জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, খাল পুনখনন কর্মসূচি দেশের কৃষকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি জানান, কৃষিনির্ভর বাংলাদেশের টেকসই উন্নয়নে কার্যকর পানি ব্যবস্থাপনার বিকল্প নেই।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে নাটোর সদর উপজেলার হালসা-হেলেঞ্চা খাল পুনঃ খনন এবং ভাদুড়ী-যামিনী খাল খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে পানির সংকট ক্রমেই প্রকট হচ্ছে। নদ-নদীর পানিপ্রবাহ কমে যাওয়ায় কৃষকরা নানা সংকটে পড়ছেন। এ অবস্থায় খাল পুনঃ খননের মাধ্যমে পানি সংরক্ষণ নিশ্চিত করা গেলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে।
হুইপ দুলু আরও উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রায় পাঁচ দশক আগে খাল খনন কর্মসূচি চালু করেছিলেন, যা দেশের কৃষি উন্নয়নে ইতিবাচক ভূমিকা রেখেছিল। সেই ধারাবাহিকতা বজায় রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খাল পুনঃ খনন কার্যক্রমকে গুরুত্ব দিচ্ছেন বলেও তিনি জানান।
প্রায় দুই কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার কৃষি ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এর আগে তিনি রাহবারে হারামাইন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আয়োজিত একটি হজ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সদস্য নাসিম উদ্দিন নাসিম, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন এবং সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এফপি/অ