গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা পুলিশের ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
পৃথক দুটি অভিযানে তাদের কাছ থেকে ৫শত ২০পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, বুধবার বিকেলে এসআই মামুনুর রশিদের নেতৃত্বে একটি দল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর লোহার ব্রিজের উত্তর পাশে অভিযান চালায়। সেখান থেকে ১০০ গ্রাম হেরোইনসহ মামুন খান (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। সে টঙ্গীর খাপাড়া এলাকার মৃত আ: রাজ্জাকের ছেলে।
পৃথক আরেকটি অভিযানে এসআই হানিফ মাহমুদের নেতৃত্বে উত্তর আউচপাড়া এলাকায় অভিযান চালিয়ে শফিক হোসেন (৪৭) ও তার সহযোগী নাহিদা আক্তারকে (৪০) গ্রেফতার করা হয়। শফিক মিরপুর বাউনিয়া এলাকার শাকিল হোসেনের ছেলে। তল্লাশি চালিয়ে শফিকের কাছ থেকে ৩শত পিস এবং নাহিদার কাছ থেকে ২শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।
টঙ্গী পশ্চিম থানার ওসি জানান, গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সংশ্লিষ্টতায় ১৬জনকে আইনের আওতায় আনা হয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে পুলিশের এই কঠোর অবস্থান ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
এফপি/জেএস