কক্সবাজারের উখিয়া-টেকনাফের সীমান্তবর্তী এলাকায় মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি।
উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় তিন কোটি টাকা বলে বিজিবি জানিয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্র জানায়, জীম্বংখালী বিওপি'র দায়িত্বপূর্ণ এলাকায় পরিচালিত এক অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ও একটি দেশীয় অস্ত্র (দা) উদ্ধার করা হয়। একই দিনে হোয়াইক্যং বিওপি'র টহল দল বিশেষ অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করে। অপরদিকে হ্নীলা বিওপি'র আরেকটি অভিযানে উদ্ধার হয় ২ লাখ পিস ইয়াবা।
এছাড়া, গত এক মাসে টেকনাফের হোয়াইক্যং ও উখিয়ার পালংখালী এলাকায় পৃথক অভিযানে ৩ হাজার ৯০০ কেজি সার জব্দ এবং ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে নিকটস্থ থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন “বিজিবি শুধু সীমান্ত রক্ষায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এফপি/জেএস